হরমুজে লিফ মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ: সিএনএন
হরমুজ প্রণালীতে লিফ মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ। মার্কিন সামরিক কর্তৃপক্ষের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও অনেক জাহাজ এখনও এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল করতে পারছে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ আজ রবিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় যে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক-ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালী দিয়ে আরব উপসাগরে প্রবেশ করেছে। এই অভিযানের লক্ষ্য হলো, যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক হরমুজে স্থাপন করা সমুদ্র মাইন অপসারণ করা এবং জলপথটিকে নিরাপদ করা।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “আমরা একটি নতুন নিরাপদ জলপথ তৈরির কাজ শুরু করেছি। এই পথটি খুব শীঘ্রই আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।” তবে, মাইন অপসারণের এই উদ্যোগ সত্ত্বেও ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। কারণ ইরান এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। মাইন ও ক্ষেপণাস্ত্র—এই দুই ধরনের হুমকি একত্রিত হওয়ায় জাহাজগুলোর নিরাপত্তা এবং প্রণালীটির সুরক্ষা নিশ্চিত করা আরও জটিল হয়ে উঠেছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোর স্বার্থে আমি হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছি।’ সিএনএন-এর তথ্যমতে, এই সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মাত্র ৩০টির মতো জাহাজ প্রণালীটি দিয়ে চলাচল করতে পেরেছে।

