সুনামগঞ্জে ভূমিধসে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগরে ভূমিধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে আরমান মিয়া (২৪) নামের এক যুবকের। গতকাল রবিবার (১২ এপ্রিল) বিকেলে মধ্যনগরের গুড়মার হাওরের শাউলদুয়ারি বাঁধের ধসে পড়া মাটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। আরমান ওই উপজেলার শালিয়ানি গ্রামের চানপার মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টির কারণে রূপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমির ফসল জলাবদ্ধতায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয় কৃষকরা পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের অনুমতি ছাড়াই গুড়মার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শাউলদুয়ারি বাঁধের একটি অংশ কেটে ফেলেন। বাঁধটি কাটার পর পানির প্রবল স্রোতে পাড়টি ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর গতকাল সকালে আরমানসহ কয়েকজন কৃষক সেটি সরাতে যান। দুপুরের দিকে যখন কাজ প্রায় শেষ হয়ে এসেছিল, তখন হঠাৎ বাঁধটি আবার ধসে পড়ে এবং আরমান মাটির নিচে চাপা পড়েন।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ কাটার বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি। ফসল বাঁচাতে গিয়ে এমন প্রাণহানি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

