বিবিধ

সুনামগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ঝরল ৩ প্রাণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মস্কু পরিবহনের একটি মিনিবাস বাহাদুরপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। স্নেহলতা চক্রবর্তীকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী ছাত্রী ছিলেন। অপর নিহত শফিকুল ইসলামও অটোরিকশার যাত্রী ছিলেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যান। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।