সীমান্ত থেকে ৯৫ গরু ধরে নিয়ে গেল বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ৯৫টি ধরে নিয়ে গেল বিএসএফ। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭১-৭২ এর মাঝখানে এই ঘটনা ঘটে। এদিকে, দুই দিন পার হলেও বিএসএফ গরুগুলো ফেরত দেয়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০-১৫ জনের একটি দল গরুগুলোকে খাওয়াচ্ছিল। হঠাৎ করেই গরুগুলো অসাবধানতাবশত নো-ম্যান্স ল্যান্ড অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। সেই সময় ভারতের কালাইয়েরচর ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা গরুগুলো আটক করে। পরে গরু মালিকরা এই ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরমান আলীকে খবর দেন। খবর পেয়ে তিনি বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করেন।
এ ব্যাপারে বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ উদ্দিন বলেন, “গরু মালিকরা গরু আটকের বিষয়টি আমাকে জানাননি, তবে এই ইউনিয়নের ইউপি মো. ফরমান আলী বিষয়টি আমাকে জানিয়েছেন। পরে ভারতের কালাইয়েরচর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বিএসএফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন যে তিনি তদন্ত করছেন।
বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর জামানের সাথে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

