দেশজুড়ে

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির দাবি, মূল অভিযুক্ত মইনসহ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে কিডনি ডাক্তার ডাঃ কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত মইন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার (১২ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্ত মইনকে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়।
মূলত, গত শুক্রবার যুবদলের নাম ব্যবহার করে এক স্থানীয় নেতাকে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সে সময় ডাঃ কামরুলকে আওয়ামী লীগের তকমা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছিল।
ওই রাতে খবর পেয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতারা হাসপাতালে ছুটে যান। তারা জানান, অভিযুক্ত মইন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। তারা এও আশ্বাস দেন যে, চাঁদাবাজদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
জানা গেছে যে, শুধু এই শুক্রবারই নয়, জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকেই এই কথিত স্থানীয় নেতা নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চাঁদাবাজি করে আসছেন। এমনকি ডাঃ কামরুল ইসলামকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে চাপ দেওয়ার অভিযোগেও তিনি হাসপাতালের সামনে জনতাকে জড়ো করেছেন বলে অভিযোগ রয়েছে।