জাতীয়

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, আদালতে তোলা হবে আজ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন। তার বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হতে পারে।
তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে, আটকের পরপরই তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও পরে ডিবি সূত্রে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। পরে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।