শিক্ষা

শিক্ষা খাতে দুর্নীতি থাকা উচিত নয়, হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষা খাতে দুর্নীতি থাকা উচিত নয়, হতে দেওয়া হবে না। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আর দুর্নীতি হবে না। শিক্ষক বদলিকে একটি ব্যবস্থার মধ্যে আনা হবে। বদলি বাণিজ্য বন্ধ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সনদ নয়, সক্ষমতা মূল্যায়ন করা হবে। হাফিজ তিলাওয়াতকারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে।
অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা হবে না; আমরা শিক্ষার মাধ্যমে রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করব। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশকে দক্ষ, ন্যায্যমনা, প্রযুক্তিগতভাবে সক্ষম এবং মূল্যবোধ-ভিত্তিক হিসেবে কল্পনা করেছেন, তা গড়ে তোলার জন্য শিক্ষাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে, বাজেটে, শ্রেণীকক্ষে, পরীক্ষায় এবং কর্মসংস্থানে – সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আমাদের দায়িত্ব।