শপথ গ্রহণের সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের দুপুর ১২টায় শপথ গ্রহণের কথা রয়েছে। বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের সিদ্ধান্ত নিতে জামায়াত আমীরের নেতৃত্বে বৈঠক করেছেন। বৈঠকের পর তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্য যোগাযোগ কমিটির মিডিয়া সমন্বয়কারী এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটের সদস্যরা শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকে বসেছেন। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেনি, তাই এটি গণভোটের সম্পূর্ণ পরিপন্থী। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করছেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

