জাতীয়

লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম রিঙ্কু বলেছেন, সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আমাদের দেশের দীপালি খাতুন নামের একজন নারীও রয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দীপালির বোন ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তাঁর বাড়িতে সাধারণ হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, লেবাননে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে আমাদের ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের লেবানন মিশন দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
শামা ওবাইদ বলেন, নিহত দীপালি আমার নিজ জেলা ফরিদপুরের চরভদ্রাসনের মেয়ে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা অনেকের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরতে পারছেন না, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটে কয়েকজন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছি। যারা আসতে চান, তাদের জন্য আমরা ব্যবস্থা করছি।
তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এখন পর্যন্ত বিভিন্ন দেশে নারীসহ ৮ জন নিহত হয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ। তালুকদার, সাবেক সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।