রাষ্ট্রপতি ট্রাম্প ফোনে আর্টেমিস-২ মহাকাশচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোনে আর্টেমিস-২ মহাকাশচারীদের সঙ্গে কথা বলেছেন। কথোপকথনে তিনি চার মহাকাশচারীকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন এবং সমগ্র যুক্তরাষ্ট্রকে গর্বিত করেছেন।” ট্রাম্পের মতে, সাম্প্রতিক সময়ে গর্ব করার মতো অনেক কিছু থাকলেও, এই অর্জনটি বেশ আলাদা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, “অর্ধ শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো চাঁদকে প্রদক্ষিণ করা এবং পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বের নতুন রেকর্ড স্থাপন করা সত্যিই এক অসাধারণ অর্জন।” মার্কিন রাষ্ট্রপতি আর্টেমিস মিশনের মহাকাশচারীদের কাছে জানতে চান, হঠাৎ পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাদের কেমন লেগেছিল।
জবাবে মহাকাশচারী ভিক্টর গ্লোভার বলেন যে, সেই মুহূর্তে তিনি প্রার্থনা করেছিলেন। তবে, পরিস্থিতি সামাল দেওয়ার পর তারা দ্রুত চাঁদের অদৃশ্য অংশ থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের দিকে মনোনিবেশ করেন। গ্লোভারের মতে, মহাকাশে তারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এবং কঠোর পরিশ্রম করছিলেন। তিনি এও মন্তব্য করেন যে, সামগ্রিকভাবে অভিজ্ঞতাটি তার জন্য খারাপ ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশন শেষে ‘আর্টেমিস-২’ মহাকাশচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
মহাকাশচারীদের সঙ্গে কথোপকথনের শেষে ট্রাম্প বলেন যে, তিনি ব্যস্ত থাকলেও তাদের সঙ্গে দেখা করার জন্য অবশ্যই সময় বের করবেন। একই সঙ্গে তিনি বলেন যে, তিনি আমেরিকান জনগণের পক্ষ থেকে মহাকাশচারীদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও অভিনন্দন জানাতে চান। সেই সময় পাইলট ভিক্টর গ্লোভার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

