দেশজুড়ে

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিভিন্ন সময়ে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নববিবাহিতা মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ ভোরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাঈম শেখের জানাজা সকাল সাড়ে ১১টায় তার গ্রামের বাড়ি রামপালে অনুষ্ঠিত হয়। এরপর তাকে সেখানেই দাফন করা হয়। এছাড়াও, জানাজার পর সালনা গ্রামে মিতুর দাদির লাশ দাফন করা হয়।
এদিকে, গতকাল বিকেলে মোংলায় বর পক্ষের নয়জনের জানাজা সম্পন্ন হয়েছে এবং তাদের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় একটি নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বর-কনেসহ পরিবারের ১৩ জন সদস্য নিহত হন। মাইক্রোবাস চালকও মারা যান। খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক।