বিনোদন

রাজপাল যাদব কারাগারে

জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব, যার বলিউডের পর্দায় উপস্থিতি মানে হাসির রোল তিনি এখন কারাগারে। ৯ কোটি টাকা ঋণের কারণে অবশেষে এই কৌতুকাভিনেতাকে জেলে যেতে হয়েছে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে তিনি বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, রাজপাল ২০১০ সালে নিজের ছবি ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। তবে, দীর্ঘ সময় পরেও তিনি সেই টাকা পরিশোধ করতে না পারায়, তার ঋণের পরিমাণ এখন ৯ কোটি টাকায় পৌঁছেছে।
৪ ফেব্রুয়ারি, দিল্লি হাইকোর্ট অবশেষে রাজপালকে এই বিশাল পরিমাণ অর্থ পরিশোধের জন্য আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে, আত্মসমর্পণের পরিবর্তে, রাজপাল আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ঋণ পরিশোধের জন্য আরও কিছু সময় চেয়ে আদালতের কাছে প্রার্থনা করেন।
কিন্তু বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ রাজপালের আবেদন খারিজ করে দেয়। আদালত স্পষ্ট করে দেয় যে সময় বাড়ানোর জন্য কোনও বৈধ আইনি যুক্তি নেই। আদালতের এই কঠোর অবস্থানের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। উল্লেখ্য, রাজপাল যাদব ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পর্দায় হাসির এই রাজা এখন বাস্তবে কঠিন আইনি লড়াইয়ের মুখোমুখি।