দেশজুড়ে

রংপুরে শিশু পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুরে শিশু পুত্রকে শ্বাসরোধ করে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর সাজাপুর ২৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শিশু জয়দেব ঘোষ এবং মা শুচনা ঘোষ।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার শঙ্কর ঘোষের স্ত্রী শুচনা ঘোষ (৪০) তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তারপর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী এবং একজন ছোট মুদি দোকানদার। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এই বিষয়ে স্বামী শঙ্কর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিভিন্ন সময় তিনি এর চিকিৎসাও করিয়েছিলেন। রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, দারিদ্র্যের কারণে পরিবারে অশান্তি ছিল। ঘটনাটি পারিবারিক কলহের কারণে নাকি মানসিক অসুস্থতার কারণে তা তদন্তের পর জানা যাবে।