আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর আলোচনা অর্থহীন: ইরানের সংসদ স্পিকার

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ গতকাল বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে একই দিনে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে ইরানের ১০-দফা প্রস্তাব গ্রহণ করে এবং ইসলামী প্রজাতন্ত্রের উত্থাপিত প্রধান দাবিগুলো মেনে নেয়। তবে, প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করা। কিন্তু এরই মধ্যে ইসরায়েল লেবাননে এক ভয়াবহ হামলা চালায়, যাতে শত শত বেসামরিক নাগরিক নিহত হন।
গালিবফ তার পোস্টে বলেন, “আমরা শুরু থেকেই বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সাথে পর্যবেক্ষণ করছি, এবং প্রত্যাশিতভাবেই, আলোচনা পুনরায় শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।” তিনি আরও বলেন যে, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন যে ইরানের ১০-দফা পরিকল্পনাই এই আলোচনার ভিত্তি ও কাঠামো।

গালিবফের মতে, প্রস্তাবের অন্তত তিনটি বিষয় ইতোমধ্যেই লঙ্ঘিত হয়েছে—
১. লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম শর্তটি মানা হয়নি—যাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও “সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতি” বলে অভিহিত করেছেন।
২. একটি অনুপ্রবেশকারী ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ধ্বংস করা হয়—এটি আকাশসীমা লঙ্ঘনের শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।
৩. ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি, যা ছিল প্রস্তাবের ষষ্ঠ শর্ত।
তিনি বলেন যে, আলোচনা শুরু হওয়ার আগেই “মৌলিক আলোচনা কাঠামোর” তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে ও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি কিংবা কোনো ধরনের আলোচনা—কোনো কিছুই আর অর্থবহ নয়।