মুন্সিগঞ্জের পরিত্যক্ত বাড়ি থেকে ১৩টি ঘোড়া জবাই, একটি জীবিত উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৩টি জবাই করা ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ভাবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে।
স্থানীয় বাসিন্দা হাসান মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম যে অসুস্থ ঘোড়া জবাই করা হয়। আজ আমরা ঘটনাস্থলে গেলে কিছু সন্ত্রাসী গোষ্ঠী আমাদের দেখে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বাড়িটিতে প্রবেশ করে আমরা ১৩টি জবাই করা ঘোড়া দেখতে পাই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে এই পরিত্যক্ত বাড়িটির সামনে একটি গাড়ি আসত। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায়, এই চক্রটি মূলত ঘোড়া জবাই করে মাংস বস্তায় ভরে বিভিন্ন হোটেলে গরুর মাংস হিসেবে সরবরাহ করত। প্রমাণ লোপাট করতে তারা চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি গর্তে পুঁতে ফেলত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, তিনি স্থানীয় লোকজন ও সাংবাদিক সহকর্মীদের মাধ্যমে আনারপুরায় ঘোড়া জবাইয়ের বিষয়টি জানতে পারেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো সুযোগ নেই, কিন্তু ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে গ্রহণযোগ্য নয়। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ও উপজেলা জনপ্রতিনিধিদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেবেন এবং জবাই করা ঘোড়াগুলোকে মাটিতে পুঁতে ফেলবেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

