মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানের রাষ্ট্রপতির খোলা চিঠি
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, “আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্যের পথ বেছে নেয়নি। ইরান এর আগে কখনো কোনো যুদ্ধ শুরু করেনি। তবে, যারা ইরানকে আক্রমণ করেছে, তাদেরকে এটি অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে প্রতিহত করেছে।”
চিঠিটি গতকাল বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভি’-তে প্রকাশিত হয়। সেখানে পেজেশকিয়ান লিখেছেন যে, নাম, সত্তা এবং পরিচয়ের দিক থেকে ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং অবিচ্ছিন্ন সভ্যতা।
ইরানকে ‘হুমকি’ হিসেবে চিত্রিত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করে পেজেশকিয়ান বলেন, “ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই ধরনের ধারণা মূলত ক্ষমতায় থাকা ব্যক্তিদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল।”
পেজেশকিয়ানের দাবি, তাদের চাপকে বৈধতা দিতে, সামরিক আধিপত্য বজায় রাখতে, অস্ত্র শিল্পকে টিকিয়ে রাখতে এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণ করতে একটি ‘শত্রু’ তৈরির প্রয়োজন থেকেই এটি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ইরানের বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প অবকাঠামোর পাশাপাশি সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাধারণ জনগণের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি শুধু ইরান বা মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে।’

