মাইজভান্ডারী মাহফিল নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত
কুমিল্লার লালমাই উপজেলার মাইজভান্ডারী মাহফিল নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহারিয়া গ্রামের তিনটি রাস্তার সংযোগস্থলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে থানার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি লালমাই উপজেলার জাফরপুর গ্রামে অনুষ্ঠিত একটি মাইজভান্ডারী মাহফিল নিয়ে সিংহারিয়া ও জাফরপুর গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য গতকাল রাতে সিংহারিয়া ক্লাবে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই গ্রামের যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, সংঘর্ষে সুমন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রসঙ্গে লালমাই থানার এসআই আবু তাহের জানান, সম্প্রতি মাইজভান্ডারী মাহফিল নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি সমাধানের জন্য একটি বৈঠকের পর তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

