মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নারী পথচারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ৮:৩০ মিনিটে মধুবাগ ৩ নম্বর লেনে এই ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে মগবাজারের মধুবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাশেদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের পরিবার ভবন মালিককে অভিযুক্ত করে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির নির্মাণকাজ চললেও ভবন মালিক নিয়ম অনুযায়ী কোনও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেননি।

