দেশজুড়ে

ভোলায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টো (৪৫) কে নির্বিচারে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালেরহাট রোডের মাথায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ছুরিকাঘাত করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে শশিভূষণ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।