দেশজুড়ে

ভোলায় ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে বিক্ষোভ

ভোলা সদর উপজেলার ভোলা-চর ফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে ট্রাকটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদার আলী মালের ছেলে এবং পেশায় কৃষক।
নিহতের ভাগ্নে নজরুল ইসলাম এবং স্থানীয়রা জানিয়েছেন, বাজার শেষে রাস্তা পার হয়ে তালতলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন সিরাজুল। সেই সময় ঘুনগারহাট এলাকা থেকে ভোলা সদরের দিকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করে রাস্তা অবরোধ করে এবং প্রায় আধা ঘন্টা ধরে বিক্ষোভ করে। এতে ভোলার এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়াও, স্থানীয়রা দাবি করেন যে, এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। এই দুর্ঘটনা রোধে তারা এলাকায় স্পিড বাম্প স্থাপনের দাবিও জানান।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. গোফরান বলেন, “স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করার পর আমরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করি।” এই ঘটনায় নিহতের পরিবার জানিয়েছে যে তারা মামলা করবেন না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।