ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর পাশে বিএনপি
ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী বিবি জোহরার পাশে ‘আমরা বিএনপি পরিবহন’। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনটি এই সিদ্ধান্ত নেয়।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ‘আমরা বিএনপি পরিবহন’-এর সদস্য সচিব ও কৃষিবিদ মোকছেদুল মোমিন মিঠুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজখবর নিতে তার বাড়িতে যান। তারা ভুক্তভোগীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সন্তানদের শিক্ষাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মোকছেদুল মোমিন মিঠুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটি তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে।
এ সময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, জোহরার স্বামী ইসমাইল হোসেন কাউসার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। বিবাহবিচ্ছেদের কারণে বিবি জোহরা বর্তমানে তার তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিষয়টি শরিয়া সম্মত কিনা তা যাচাই-বাছাই চলছে।

