দেশজুড়ে

ভাঙ্গায় চার গ্রামের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর, আহত ৩০ জন

দখল নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এক ঘণ্টা ধরে উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরবাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের এক পক্ষে ছিল মনসুরবাদ গ্রামের লোকজন এবং অন্য পক্ষে ছিল ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন। জানা গেছে, আধিপত্য নিয়ে ওই তিন গ্রামের বাসিন্দাদের সঙ্গে মনসুরবাদ গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছিল। এর ফলে গতকাল সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরবাদ গ্রামে এলে তাকে মারধর করা হয়।
খবর ছড়িয়ে পড়লে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে মনসুরবাদ বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মনসুরবাদ বাজারের চার-পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।