বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার
কক্সবাজারের রামুতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরাংলোয়া আমতলিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইমরান (২৩) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভাড়ায় জাল টাকা তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল স্থানীয় বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ি থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ প্রায় পাঁচ লক্ষ জাল টাকা জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমান জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতারকৃত যুবককে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

