বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। নিহত শেখ সোহাগ মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামের দাউদ শেখের ছেলে এবং মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

