দেশজুড়ে

বগুড়ায় চালক নিহত ও ভ্যান ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক চালক নিহত এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বাড়িয়া এলাকার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে একটি ধানক্ষেতে এই ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, চালককে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এবং তারপর তার লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, নিহত অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘরিয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। গতকাল দুপুরে তিনি যথারীতি যাত্রী পরিবহনের জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতের কোন এক সময়ে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের বাড়িয়া এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে ধানক্ষেতের পানিতে তার মাথায় আঘাত করে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা। এরপর অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আজসকালে পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপচাঁচিয়া পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমইসি) হাসপাতালের মর্গে পাঠায়। তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ওসি জানান, অটোভ্যান ছিনতাইয়ের জন্য চালক মোজাম উদ্দিন শাহকে মাথায় আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তারা তার লাশ সেতুর কাছে একটি ধানক্ষেতের পানিতে ফেলে দেয়। তার অটোভ্যানটি পাওয়া যায়নি। লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেপ্তারের অভিযান চলছে।