ফিলিং স্টেশনে জ্বালানির লাইন নিয়ে সংঘর্ষে দুজন আহত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানির লাইন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে ঘটে।
স্থানীয়রা জানান, জ্বালানি সংকটের কারণে রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা লাইন তৈরি হয়। সে সময় কয়েকজন লাইন ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষারত অন্যদের সঙ্গে তর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, তেলের লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সে সময় এক যুবক হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

