দেশজুড়ে

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

লকডাউনকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এবং পুখুরিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের কাছে এবং ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকায় গাছ লাগিয়ে এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই লকডাউনের সমর্থনে কিছু নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দেন এবং পুরো মহাসড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় ঢাকাগামী কিছু খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড এবং পুখুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।”