জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিলেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। ঐতিহ্য অনুযায়ী, জাতীয় সঙ্গীত এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে শপথে স্বাক্ষর করেন।
এরপর, রাষ্ট্রপতি ২৫ জন মন্ত্রীকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের পর, তাদের স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে, রাষ্ট্রপতি ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান। নতুন সরকারের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা তাদের স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের,মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট), খলিলুর রহমান (টেকনোক্রেট)।
অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে যোগ দিতে তারেক রহমানের সঙ্গে যান স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও দেশি-বিদেশি অন্তত ১ হাজার অতিথি অংশ নেন শপথ অনুষ্ঠানে।