আন্তর্জাতিক

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী: ইরানের শীর্ষ কমান্ডার

ইরানি সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন যে, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি, বরং আরও শক্তিশালী হয়েছে এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে। প্রতিরোধ জোট ভেঙে পড়েছে বলে যুক্তরাষ্ট্রের করা দাবি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
দেশটির তাসনিম নিউজ এজেন্সি আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যে ইসলামিক প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে, তারা এই জোটের অভূতপূর্ব শক্তির মুখোমুখি হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী—ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে—সাহস, বিশ্বাস ও দৃঢ়সংকল্প দেখিয়েছে। তিনি দাবি করেন যে, এই শক্তিগুলো প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব এবং ইসরায়েলি শাসনব্যবস্থা তাদের মোকাবিলা করতে অক্ষম এবং এই শক্তিশালী ফ্রন্টের কাছে অবশেষে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। মেজর জেনারেল আব্দুল্লাহি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জিহাদি চেতনা, শক্তি ও দৃঢ়তার প্রশংসা করেছেন এবং তাদের অব্যাহত বিজয় ও সাফল্যের জন্য দোয়া করেছেন।