প্রক্সি পরীক্ষার্থী ধরা: রাজবাড়ীতে ভাইভা দিতে এসে জেল
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশে প্রক্সি ব্যবহার করে উত্তীর্ণ হয়েছিলেন আবদুর রাজ্জাক নামে এক প্রার্থী, ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার সময় জালিয়াতি করার অভিযোগে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষার (ভিভা) সময় এই ঘটনা ঘটে। দণ্ডিত আব্দুর রাজ্জাক রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নিয়ে আব্দুর রাজ্জাকের জায়গায় অন্য একজন উত্তীর্ণ হয়েছেন। আজ অনুষ্ঠিত ভাইভা বোর্ডে উত্তীর্ণ প্রার্থীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জালিয়াতির বিষয়টি সামনে আসে। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের নির্দেশে তাৎক্ষণিকভাবে সেখানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং আব্দুর রাজ্জাককে ২০ দিনের বাধ্যতামূলক কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

