দেশজুড়ে

পুলিশের এসআই নিজের পিস্তল দিয়ে গুলিবিদ্ধ

নাটোরে মামুন হোসেন নামে এক পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) তার নিজের সরকারি পিস্তলের গুলিতে আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইনসে তার সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওহাবসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা হাসপাতালে আহত পুলিশ এসআই মামুনকে দেখতে ছুটে যান। এ সময় তিনি আহত পুলিশ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, “গতকাল দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় এসআই মামুন পুলিশ লাইনসে তার সরকারি বাসভবনে ফিরে আসেন। সেই সময় তিনি তার সরকারি পিস্তলটি বিছানায় রেখে বাথরুমে যান। সেই সময় তার ছোট ছেলে পিস্তলটি নিয়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত গুলিটি বের হয় এবং এসআই মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার পা থেকে গুলিটি বের করতে সক্ষম হন। তিনি এখন সুস্থ আছেন। তিনি বলেন, “দুর্ঘটনাটি দুর্ঘটনাক্রমে ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”