আন্তর্জাতিক

পশ্চিম তীরে বোমা তৈরির ল্যাব ধ্বংস করার দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা পশ্চিম তীরের তুলকারেম এলাকায় একটি বোমা তৈরির ল্যাব ধ্বংস করেছে। আইডিএফ দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১০ এপ্রিল) তারা তুলকারেম ক্যাম্পের ওই ল্যাবে অভিযান চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রায় ২০০টি পাইপ বোমা এবং অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তৈরি করা বেশ কয়েকটি হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র উদ্ধার করেছে। আইডিএফ আরও জানিয়েছে, তারা প্রায় ৫০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে। সামরিক বাহিনী আরও বলেছে, অভিযানের সময় বোমা তৈরির পুরো স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়েছে।