দেশজুড়ে

নোয়াখালীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ মোঃ সোহেল রানা (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে। আজ রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রাম থেকে একটি নৌকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
সোহেল রানা হাতিয়া উপজেলার চণ্ডী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা অলি উদ্দিন জানান, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যায়নি। বিকেলে তার চাচা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব তাকে জোর করে ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সন্ধ্যা থেকেই সোহেল রানা নিখোঁজ ছিল।
তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার কোনো খোঁজ পাননি। আজ সকালে স্থানীয় শ্রমিকরা ইটভাটার অফিসের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি সোহেল রানা হিসেবে শনাক্ত করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া আমাদেরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগীরোগের কারণে তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে আসল কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।