নারায়ণগঞ্জে নির্মাণাধীন পৃথক ভবনে দুর্ঘটনায় ৪ জন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। অন্য একটি ভবনের ছাদ থেকে পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে, গোলাকান্দাইল উপজেলার মধ্যপাড়া এলাকায় নির্মাণাধীন একটি তিন তলা ভবনে থাই কাচের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন মালিক আরফান মোল্লা (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে লিওন মোল্লা (৩২) এবং থাই মেকানিক সাদিকুর রহমান (৩৫) দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, যেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুর রহমান মারা যান। দগ্ধ লিওন মোল্লা এখনও চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একই দিন বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে নির্মাণাধীন ৯ তলা ভবনের ষষ্ঠ তলায় প্লাস্টার করার কাজ করার সময় দড়ি থেকে পড়ে দুই রাজমিস্ত্রি ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্রুদির ছেলে আলমগীর ইসলাম (২৮) এবং মাসলাপাড়া গ্রামের খালেকের ছেলে আলম বাদশা (৩৫)।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাবজেল হোসেন আমাদেরকে জানান, ভবনের পাশে থাকা ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে ভবন থেকে পড়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না করায় মৃতদেহগুলি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

