দেশজুড়ে

নাটোর হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার (১৫ মার্চ) অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার তাগোর জানান, ১৫ জুন ২০২০ সকালে বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের কৃষক মোবারক হোসেনকে পোতল জমিতে কাজ করার সময় হত্যা করা হয়। এই ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশিদ এবং জিহাদ আলীর নাম প্রকাশ পায়।
তিনি আরও বলেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রায় ৬ বছর ধরে মামলায় সাক্ষ্য গ্রহণের পর, আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বাদী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।