দুবাইতে নিহত আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে
ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮:২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২-এ তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহতদের স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “সরকারের কাছে বাংলাদেশের নাগরিকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আলী আহমেদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে আরও ১৪ জন আহত হয়েছেন; তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি প্রবাসীদের মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছেন।
জানা গেছে, বিমানবন্দরে সার্বিক কার্যক্রম সম্পন্ন করার পর, একটি অভ্যন্তরীণ বিমানে মরদেহ সিলেটের মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়। তাকে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। স্বজনরা জানিয়েছেন, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

