জাতীয়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়েছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেছি এবং হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা তা ভাবছি।
তিনি বলেন, আপনারা সকলেই জানেন যে, এখানে একটি মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানও নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে। যাতে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পেতে পারে। আমরা সর্বদা সতর্ক থাকব। আজ রবিবার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমি হাসপাতাল সুপারিনটেনডেন্টকে বলেছি, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আপনার কী কী প্রয়োজন তা যদি আপনি বলেন, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেব। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে হাসপাতালে আরও একটি লিফটের ব্যবস্থা করা হবে। মির্জা ফখরুল বলেন, আমি সিভিল সার্জন এবং হাসপাতালের কর্মকর্তাদের অনুরোধ করব যে তারা আমাদের সীমিত সম্পদ দিয়ে কাজ করুন যাতে এই জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে এবং সাধারণ মানুষ ভালো চিকিৎসা পান। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কাজ করছেন তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।