টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে ২ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আমির আলী এবং একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে ধাক্কা লাগে। ফলে ভ্যান চালক ও এক যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আমির আলীও মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানান যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম।

