চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু
চট্টগ্রামের একটি রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় নেওয়ার পথে নূরজাহান বেগম মারা যান। পরে রাত ১টার দিকে তার মরদেহ চট্টগ্রামের দেওয়ান হাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। সেই রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নূরজাহানকে দাফন করা হয়।
এদিকে, রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় নূরজাহানের ছেলে ১৭ বছর বয়সী শাওন মারা যায়। স্বজনরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় তার নানার বাড়িতে দাফন করা হবে।
এর আগে, গতকাল ভোরে হালিশহর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪:৩০ মিনিটে হালিমা মঞ্জিল নামে একটি ছয় তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আকস্মিক বিস্ফোরণ ও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। স্থানীয়রা বলছেন, ওই বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। তবে কোনও কারণে চুলা থেকে গ্যাস লিক হয় এবং রান্নাঘরে জমে থাকা গ্যাস বের হয়। গতকাল সকালে হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

