দেশজুড়ে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

চাঁদপুরের কচুয়ায় রাতে সেহরি তৈরির সময় গ্যাস সিলিন্ডার লিকেজ বিস্ফোরণে খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) এবং জা শিউলি আক্তার (৪০) দগ্ধ হন। আজ, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাকৌল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দগ্ধ তিনজনই বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান বলেন, “ভোর ৪টার দিকে তার শ্যালিকা খাদিজা আক্তার সেহরি তৈরি করতে রান্নাঘরে যান। পূর্ব দিক থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। তিনি চুলা জ্বালানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করার সময় মাহমুদুল এবং শিউলির শরীরে আগুন ধরে যায়।”
তিনি জানান, ভোর ৫টার দিকে তাদের বাড়ি থেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আহতদের বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে পুড়ে যাওয়া অবস্থায় আনা হয়। তাদের মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ এবং শিউলি আক্তারের ২ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে খাদিজাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনও লিখিত অভিযোগ করা হয়, তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।