দেশজুড়ে

গাজীপুরে দেশি অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে গ্রেফতার

গাজীপুরের নাওজোর এলাকা থেকে বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর সেনা ক্যাম্পের ১৪তম ফিল্ড রেজিমেন্ট: আর্টিলারির নেতৃত্বে গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মুশফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে নাওজোর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছুরি, ১৯টি ছোট ছুরি, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার কুড়াল, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল হীরা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান আমাদেরকে জানান, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।