গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, ৩ জন পুড়ে গেলেন
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে তিন পথচারী দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে শ্রীপুরের মাওনা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে মাওনা মোড় এলাকায় শহীদ সুপার ভিউ নামে একটি ভবনের সামনে হঠাৎ করেই বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ায় তিন পথচারী দগ্ধ হন। আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। এ সময় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্মরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

