গাজীপুরে ঝুম গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নোশার মার্কেট এলাকায় একটি ঝুম গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রায় ৭,০০০ বর্গফুটের একটি ঝুম গুদামে আগুন লেগে ঝুম কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

