কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে খুন
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে খুন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মণিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), তার ছেলে হোসেন (৪) এবং পাশের বাড়ির আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)। এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হত্যার কারণ তদন্ত করছে পুলিশ। হোমনা থানার ওসি মোরশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে আশেপাশের লোকজন প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখতে পান এবং সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কাটা অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, প্রবাসীর স্ত্রী এবং দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছি।

