কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি খেলতে গিয়ে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকাই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদ্রাসার পাশের মাঠে। মৃত হেলাল উদ্দিন মজুমদার লাকসাম উপজেলার বাকাই দক্ষিণ ইউনিয়নের কয়ার গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের চাচাতো ভাই আরিফ মজুমদার। তিনি জানান, মৃত হেলাল উদ্দিন কয়ার বাজারে একটি মুদির দোকান চালাতেন। সাবেক এই সেনা সদস্য একসময় ফুটবলও খেলতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে আয়োজিত একটি গ্রামীণ কুস্তি খেলায় অংশ নেওয়ার সময় হেলাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

