দেশজুড়ে

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১৩ এপ্রিল) তাদের আটক করা হয়। আটককৃত দুই যুবক হলেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলায়মান হোসেন এবং ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারতারী গ্রামের সোহাগ মিয়া।
বিজিবি জানিয়েছে, গতকাল রবিবার রাতে তারা উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা স্তম্ভ পেরিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার তাকিমারী এলাকায় প্রবেশ করে। সে সময় বিএসএফ তাদের আটক করে। এ প্রসঙ্গে কুড়িগ্রাম-২২ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, গ্রেফতার হওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিকেলে একটি ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে।