ঈদের ছুটির পর সচিবালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী
ঈদুল ফিতরের ছুটির পর সচিবালয় আবারও কর্মমুখর হয়ে উঠেছে। ঈদের পর প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকেই সচিবালয়ে সময় কাটাচ্ছেন। তিনি আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন।
সকাল ১১টায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার দীর্ঘদিনের ‘ট্র্যাফিক জ্যাম’ সমস্যার সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ বিষয়ক একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন। বিকেলে তিনি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ কমিটির অগ্রগতি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বিকেলে প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবেন এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

