আন্তর্জাতিক

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলিতে ৩ জন নিহত

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলির শব্দ শোনা গেলে একজন পুলিশ কর্মকর্তা আত্মরক্ষার জন্য আড়াল নিচ্ছেন।
এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায়ও দেখা গেছে। আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগ্লু বলেছেন, এই গোলাগুলিতে তিনজন জড়িত ছিল, যাদের তুর্কি পুলিশ নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, কনস্যুলেট ভবনটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যেখানে অনেক আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং কাছাকাছি হাজার হাজার মানুষ কাজ করে। কোসেওগ্লু বলেন, ইসরায়েলি কনস্যুলেটটি ওই এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় অবস্থিত।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “তিনি তার সহকর্মীর সঙ্গে দাঁড়িয়ে ধূমপান করছিলেন, এমন সময় একটি গাড়িতে থাকা তিনজন গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়।” আল জাজিরার সাংবাদিক আরও জানান যে, বর্তমানে ইস্তাম্বুলের কনস্যুলেট ভবনে কিংবা রাজধানী আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসে কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই। ফলে, এই কূটনৈতিক মিশনগুলোতে প্রধানত স্থানীয় কর্মীরাই দায়িত্ব পালন করছেন। হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা