আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ৩০০ জনেরও বেশি মার্কিন সেনা আহত

মার্কিন সেন্ট্রাল কমান্ড (ইউএস সেন্ট্রাল কমান্ড) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩০০ জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের বেশিরভাগেরই আঘাত সামান্য এবং ২৭৩ জন ইতোমধ্যে কাজে ফিরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ১০ জন সেনার অবস্থা এখনও গুরুতর। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই যুদ্ধে আরও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ জন উপসাগরীয় অঞ্চলে এবং ৬ জন ইরাকে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, গতকাল শুক্রবার এক পৃথক ঘোষণায় ইরানের সামরিক বাহিনী বলেছে যে, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করবে, সেগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। সামরিক মুখপাত্র আবুলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “যখন সমস্ত আমেরিকান সেনা একটি হোটেলে থাকবে, তখন আমাদের চোখে সেটি একটি আমেরিকান ঘাঁটি হয়ে উঠবে।”
এদিকে, ইরান সরকার এখনো তাদের সর্বশেষ হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি পর্যবেক্ষণকারী সংস্থা ২৩শে মার্চ জানিয়েছে যে, এই যুদ্ধে প্রায় ১,১৬৭ জন ইরানি সৈন্য নিহত হয়েছে এবং আরও ৬৫৮ জনের অবস্থান এখনো অজানা।