আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুলছাত্রের দাফন সম্পন্ন

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত ১৬৫ জন ছাত্র-কর্মচারীর দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের প্রথম দিন ছিল এই হামলা। কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা এই এলাকায় কোনও ইসরায়েলি বা মার্কিন হামলার বিষয়ে অবগত নয়। তবে, গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর মারাত্মক হামলার দায় বারবার অস্বীকার করেছে। যদিও পরে প্রমাণ পাওয়া গেলে আইডিএফ অনেক ঘটনাকে “অনিচ্ছাকৃত” বলে বর্ণনা করেছে।
জাতিসংঘ মিনাবে হামলার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে, ইচ্ছাকৃতভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্যান্য বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
গত সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে, দুটি দেশ “আবাসিক এলাকা; হাসপাতাল, স্কুল, রেড ক্রিসেন্ট স্থাপনা, অথবা সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভগুলিতে নির্বিচারে আক্রমণ চালিয়ে যাচ্ছে – কিছুই বাদ দেওয়া হচ্ছে না।”